এ সম্পর্কিত আরও খবর
নিখোঁজ কলেজছাত্রের মরদেহ মিলল ট্যাংকিতে, আটক ১
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ফজলে রাব্বি (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ নামে একজনকে ঢাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির এক প্রবাসীর ফাঁকা ঘরের টয়লেটের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফজলে রাব্বি হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি রাতে রাব্বি চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজারে আসেন। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার বাবা বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
শনিবার চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির একটি ট্যাংকির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়রা সেখানে মাছি উড়তে দেখে সন্দেহ হলে ট্যাংকির ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, “আমার ভাতিজা রাব্বি আট দিন ধরে নিখোঁজ ছিল। স্থানীয়রা দুর্গন্ধ ও মাছি উড়তে দেখে আমাদের খবর দেয়। পরে এসে ফাঁকা বাড়ির ট্যাংকির ভেতরে রাব্বির মরদেহ দেখতে পাই।”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোটরসাইকেল উদ্ধারসহ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন