এ সম্পর্কিত আরও খবর
ঢাকার রায়েরবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ১৮, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩২ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারের ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বসিলা আর্মি ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এতে অংশ নেয়। সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে উদ্ধার করা হয় ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি সামুরাই ধারালো অস্ত্র, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা এবং ১২৫ পুরিয়া গাঁজা।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি মাসে এটি ওই এলাকায় সেনাবাহিনীর তৃতীয় অভিযান। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি স্থানীয়দের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন