এ সম্পর্কিত আরও খবর
মাদকসেবীদের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আশরাফুল রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরবংশী গ্রামের আজিজুল হকের ছেলে এবং রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি রাতে উত্তর চরবংশী গ্রামের ডালি কান্দি এলাকায় সিকদার বাড়ির পূর্ব পাশে ডালি কান্দি বিলে নাহিদ বেপারী ও শাহিন বেপারীসহ মামলার অভিযুক্তরা আশরাফুলের ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তারা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়।
এ ঘটনায় ১৬ জানুয়ারি দুপুরে আশরাফুলের বাবা আজিজুল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শাহিন বেপারীকে পুলিশ গ্রেপ্তার করে।
অন্য অভিযুক্তরা হলেন— নাহিদ বেপারী, হাবিব বেপারী, সুফিয়ান বেপারী, নজু বেপারী, শাকিল বেপারী, সোহাগ বেপারী, মোক্তার পাটওয়ারী, শাকিল পাইক, রাকিব পাইক ও শামিম। তারা উত্তর চরবংশীসহ আশপাশ এলাকার বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কিছুদিন আগে শাহিনসহ তিনজনকে মাদকসহ গোয়েন্দা পুলিশ আটক করে। শাহিন সন্দেহ করে আশরাফুল তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। এতে ১৪ জানুয়ারি জামিনে মুক্ত হয়ে এসেই সে সঙ্গীদের নিয়ে আশরাফুলের ওপর হামলা চালায়। গ্রেপ্তার শাহিন উত্তর চরবংশী গ্রামের বেপারী বাড়ির মোস্তফা বেপারীর ছেলে।
আশরাফুলের চাচাতো ভাই ফারহান খান নাদিম বলেন, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতরা দলবল নিয়ে আশরাফুলের ওপর হামলা চালায়। তারা আশরাফুলের মৃত্যু নিশ্চিত করতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। হামলায় আশরাফুলের মস্তিষ্কে প্রচণ্ড আঘাত লাগে। সে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল। সেখানেই তার মৃত্যু হয়।
হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মমিনুল হক বলেন, গ্রেপ্তার শাহিনসহ অভিযুক্তরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। ঘটনার কিছুদিন আগে ডিবি পুলিশ শাহিনকে গ্রেপ্তার করে। সে ধারণা করে আশরাফুল তাকে ধরিয়ে দিয়েছে। এতে সে অন্যান্য অভিযুক্তদের নিয়ে আশরাফুলের ওপর হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা গেছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন