এ সম্পর্কিত আরও খবর
মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ
আট দিনের মাথায় আরেক বিএনপি কর্মী নিহত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:০৫ এএম
-
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের সময় গুলিতে আরিফ মীর (৩৫) নামে দলটির এক কর্মী নিহত হয়েছেন। সোমবার সকালে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরিফ চরডুমুরিয়া গ্রামের প্রয়াত খবির মীরের ছেলে। তিনি সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার অনুসারী ছিলেন। এ নিয়ে মোল্লাকান্দিতে গত আট দিনের মধ্যে দুই বিএনপিকর্মীর লাশ পড়ল।
মোল্লাকান্দির আধিপত্য নিয়ে জেলা বিএনপির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লার গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সদস্য উজির আলী-আওলাদ মোল্লা গ্রুপের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত ২ নভেম্বর রাতে গুলিতে খুন হন আতিক-ওয়াহিদ গ্রুপের অনুসারী তুহিন দেওয়ান নামে এক যুবক। ওই হত্যার পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা একে অপরকে ঘায়েল করতে নিজ নিজ এলাকায় অবস্থান করছিল। গত রোববার রাতভর দুই গ্রুপের কর্মীরা মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায় এবং রাতভর আগ্নেয়াস্ত্র নিয়ে নিজ নিজ গ্রামে মহড়াও দেয়। সকাল ৬টার দিকে দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হন।
তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফ মীরকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুলিবিদ্ধ ইমরান মীর ও আহত মো. ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি চলছে অভিযান। গ্রেপ্তার এড়াতে দুই পক্ষের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন গ্রামবাসী।
নিহতের স্ত্রী পারুল বেগমের অভিযোগ, বিএনপি নেতা আতিক মল্লিক, ওয়াহিদ মোল্লা গ্রুপের ইউসুফ, খাইরুদ্দিনদের গুলিতে আরিফ মীর মারা যান। তবে আওলাদ মোল্লার অভিযোগ, আতিক মল্লিক এলাকায় আধিপত্য বিস্তার করতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। সোমবার ভোরে আওয়ামী লীগের সন্ত্রাসী জাহাঙ্গীর সরকার, ইউসুফ ফকির ও খাইরুদ্দিন মোল্লার নেতৃত্বে আমার লোকজনের ওপর হামলা চালিয়ে গ্রাম থেকে বিতাড়িত করেছে। বাড়িঘরে লুটপাট চালিয়েছে। এ সময় তাদের গুলিতে আরিফ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ অভিযোগ অস্বীকার করে আতিক মল্লিক বলেন, এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। উজির আলী ও আওলাদ মোল্লা গ্রুপের লোকজন আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীকে গ্রামছাড়া করে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন