এ সম্পর্কিত আরও খবর
জুতা লুকানোর মতো তুচ্ছ ঘটনায়
সিরাজগঞ্জে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বউ রেখেই চলে গেল বর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের সময় বরের জুতা লুকানো নিয়ে সংঘর্ষ ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে বরপক্ষ বউ না নিয়েই ফেরত চলে গেছে। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৈজুরি ইউনিয়নের গুলিয়াখালীর চর গ্রামের কনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সমঝোতা না হওয়ায় একদিন পর জানাজানি হয়।
রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় ও কনের পরিবার সূত্রে জানা যায়, কৈজুরি ইউনিয়নের গুলিয়াখালী চর গ্রামে গত শুক্রবার আব্দুল খালেকের ছেলে ৬৫ থেকে ৭০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসে। বিয়ে উপলক্ষে ওই বাড়িতে সেদিন প্রায় ২০০ লোকের আয়োজন ছিল। কিন্তু জুতা লুকানোকে কেন্দ্র করে বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে সম্পন্ন না করে কনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে চলে যায়।
ঘটনার বিষয়ে কনের মা খাদিজা বেগম বলেন, বরকে স্মার্টফোন ও ১০ আনা সোনার চেইন দিয়ে আমরা বরণ করেছিলাম। আমাদের বাড়িতে ২০০ লোকের আয়োজনে এক লাখ টাকায় দিয়ে একটি গরু ও পাঁচ মণ দই কেনা হয়েছিল। সবাই খাবার খাওয়া শেষ করেছে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট হওয়ায় বিয়ে ভেঙে গেছে।
কনের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনায় বর পক্ষের লোকজন সংঘর্ষ বাধিয়ে ভাংচুর চালিয়ে দাওয়াতে আসা স্বজনদের থেকে উপহার পাওয়া সব নিয়ে চলে গেছেন বর পক্ষের লোকজন বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে জানার জন্য একই উপজেলার গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে বর আজিজুল হকের মোবাইলে কল করা হলে কোন উত্তর পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন