এ সম্পর্কিত আরও খবর
পলেস্তারা খসে পড়ার আতঙ্কে হেলমেট পরে পরীক্ষা দিলেন জবির ২ শিক্ষার্থী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে সংস্কারের অভাবে জীবনের ঝুঁকি তৈরি হওয়ায় এর নীরব ও প্রতীকী প্রতিবাদ হিসেবে মাথায় হেলমেট পরে ক্লাস করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২এপ্রিল) গণিত বিভাগের শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থীকে মাথায় মোটরসাইকেলের হেলমেট পরে ক্লাস করতে দেখা যায়।
নিরাপত্তাহীনতার এই প্রতীকী প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্যতম মাহমুদুল হাসান নয়ন।
প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগসহ বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের ক্লাসরুমগুলো অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর ফলাফল স্বরূপ গতকাল আমাদের বিভাগের সেমিনারের ছাদ ভেঙে পড়ে ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এর আগেও আমাদের একজন শিক্ষকের রুমের ছাদ ধসে পড়েছিল এবং তখন প্রশাসনকে অবহিত করা হলেও তারা কোনো দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ নেয়নি; ফলস্বরূপ গতকাল আবার এই ঘটনার পুনরাবৃত্তি হলো।"
নিজেদের এই অভিনব প্রতিবাদের পেছনের কারণ উল্লেখ করে এই শিক্ষার্থী আরও বলেন, "আমরা বিভাগের সকল শিক্ষার্থীরা এর জন্য অনেক আতঙ্কে আছি। এসব ঝুঁকিপূর্ণ রুমেই আমাদের ক্লাস-পরীক্ষা দিতে হচ্ছে। তাই আমরা নিজেদের একটু হলেও নিরাপত্তার জন্য হেলমেট পরে ক্লাস করছি এবং এর মাধ্যমে নীরব প্রতিবাদ জানাচ্ছি, যেন প্রশাসন এর একটা দীর্ঘমেয়াদি সমাধান করে।"
এর আগে, গত বুধবার (১ এপ্রিল) সকালে গণিত বিভাগের সেমিনার কক্ষে অবস্থানকালে ছাদের পলেস্তারা খসে পড়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মো. তানফির নিয়াজ ফাহিম ও মো. মাহফুজুর রহমান মিতুল গুরুতর আহত হন। এর মধ্যে একজনের মাথায় এবং অপরজনের পিঠে মারাত্মক আঘাত লাগে। আহত অবস্থায় দ্রুত তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন